দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত সপ্তাহে ব্যাপক অভিযান পরিচালনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত কয়েক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৮ থেকে ১৪ নভেম্বর ২০২৬ সময়কালের বাংলাদেশ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতিবেদন এবং ৫ থেকে ১১ নভেম্বরের বাংলাদেশ কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পুলিশ ও এসআরবির অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার
বাংলাদেশ পুলিশের অভিযানে ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১৪০ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৮৮টি মামলা দায়েরের পাশাপাশি ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ৩ লাখ ৭৭ হাজার ৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৬৫০ গ্রাম হেরোইন, ৪ হাজার ১৬১ বোতল ফেনসিডিল, ২ হাজার ১৮ বোতল ও ৪০ লিটার বিদেশি মদ, ৮৭ বোতল ও ২ হাজার ৭৬৩ লিটার দেশি মদ, ১ হাজার ৪৭১ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা এবং ১০ হাজার ২২৮টি ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ নভেম্বর ঢাকা জেলা পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ৮ নভেম্বর কক্সবাজার জেলা পুলিশ ৩৮ হাজার ৩৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একই সময়ে অভিযান চালিয়ে ১১টি অস্ত্র, ৯৪৫ গ্রাম হেরোইন, ২ হাজার ৫৮৮ বোতল ফেনসিডিল ও সাদৃশ্য সিরাপ, ৬০৭ কেজি গাঁজা, ৩৮ হাজার ২২৩ পিস ইয়াবা এবং ৮৩ লিটার দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে। বিভিন্ন অপরাধে অভিযুক্ত মোট ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবর, কেরানীগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, যশোরের শার্শা ও কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানেও অস্ত্র, পেট্রোল বোমা, গান পাউডার ও মাদকসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১ মে থেকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, চোরাকারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবির অভিযানে প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানে ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একটি পিস্তলসহ দুটি অস্ত্র, ৩৭ রাউন্ড গুলি, ৪৮টি উচ্চমানের বিস্ফোরক, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ জব্দ করা হয়েছে।

এছাড়া ১৩ লাখ ৭৮ হাজার পিস ইয়াবা, ৩ কেজি হেরোইন, ২৩৩ গ্রাম স্বর্ণ এবং তিনটি কষ্টিপাথরের মূর্তিসহ প্রায় ৫৯ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার এবং ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

সার পাচার প্রতিরোধে গত সপ্তাহে ২ হাজার ৫২২ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি। গত ২৩ আগস্ট থেকে এ পর্যন্ত জব্দ করা সারের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫৬১ কেজি।

সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধেও তৎপরতা ছিল বিজিবির। জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। মিয়ানমার সীমান্তে তিনটি ঘটনায় ৫৮ জনের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি একজন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

এদিকে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় আরও সদস্যসহ মোট ২১৪ প্লাটুন বিজিবি।

কোস্ট গার্ডের অভিযানে ১১২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
বাংলাদেশ কোস্ট গার্ড ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত মাদক, চোরাচালান, অবৈধ বালু উত্তোলন, মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় একাধিক অভিযান পরিচালনা করেছে।

মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।

চোরাচালানবিরোধী অভিযানে আনুমানিক ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯৪৫ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। এ সময় ১১ জন চোরাকারবারি ও একজনকে আটক করা হয়েছে।

জাটকা নিধন প্রতিরোধ অভিযান ২০২৬-২৭-এর আওতায় ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৮৯৮ মিটার অবৈধ জাল, ৭ হাজার ৫৩৫ কেজি জাটকা ও ইলিশসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিন জেলেকে।

অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ছয়টি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ এবং সাতজনকে আটক করা হয়। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষার অভিযানে ১৮৮ কেজি পলিথিন, ১৭০ সিএফটি কাঠসহ বিভিন্ন সামগ্রী জব্দ এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া একটি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবনে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ‘অপারেশন ম্যানগ্রোভ শীল্ড’ এবং সার পাচার রোধে ‘অপারেশন সার সুরক্ষা’ অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে আটজনকে জীবিত এবং দুটি মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময়ে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি।

সব মিলিয়ে সপ্তাহজুড়ে কোস্ট গার্ডের বিভিন্ন অভিযানে ১১২ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার ৮৪৫ টাকা মূল্যের অবৈধ দ্রব্যাদি জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী ২ হাজার ২০২ অভিযানে গ্রেপ্তার ৮০৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২ হাজার ২০২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৭৬৪টি মামলা দায়ের এবং ৮০৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১ লাখ ৫৩ হাজার ৪২১ পিস ইয়াবা, ১০৫ কেজি ৫৮২ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম হেরোইন, ২৩৫ বোতল ফেনসিডিল, কোডিন মিশ্রিত উইনসেরেক্স সিরাপের ৩০ বোতল, এসকফ সিরাপের ৩৫ বোতল, ২৯৩ লিটার চোলাই মদ এবং ২ হাজার ৮৭৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১৪ লাখ ৫ হাজার ৬৫৮ টাকা জব্দ করা হয়েছে।

শুধু অভিযান নয়, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনেও কার্যক্রম পরিচালনা করেছে অধিদপ্তর। সরকারি ও বেসরকারি পর্যায়ে ১ হাজার ১৭০ জন মাদকাসক্ত রোগীকে চিকিৎসা এবং ১ হাজার ৮৪ জনকে কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০টি মাদকবিরোধী সভা ও সেমিনার এবং ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার মোতায়েন
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় বিভিন্ন ঘটনায় আটজন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষজনিত সহিংসতা প্রতিরোধ এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে গাজীপুরে ছয় প্লাটুন ও নারায়ণগঞ্জে চার প্লাটুনসহ মোট ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও সংশ্লিষ্ট এলাকায় ১০০ জন অঙ্গীভূত আনসার ও টিডিপি সদস্য এবং একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়। অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের নিরাপত্তায় ছয় নারী সদস্যসহ ৩৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ৬০ দিনব্যাপী অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এ অংশ নেওয়া ৬৫৪ জনের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ‘দ্য আয়রন ওয়াল’ শীর্ষক দাঙ্গা নিয়ন্ত্রণ প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১১৮ জন।

সপ্তাহে ৪৪৬টি অগ্নিকাণ্ড, নিহত ৩২
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৪৪৬টি অগ্নিকাণ্ড ও ২১৬টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৬৪ জন আহত এবং ৩২ জন নিহত হয়েছেন। উদ্ধার করা সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। এ ছাড়া নাশকতা বলে ধারণা করা ৩০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিনিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ সময়ে ১৬৩টি মহড়া এবং ৪০২টি গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে ১ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী ও ২ হাজার ২০০ জন পোশাকশিল্প কর্মীকে।

নতুন ফায়ার লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ফায়ার সেফটি প্ল্যানের ছাড়পত্র এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৮৭০ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

১০ নভেম্বর নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত তিনজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ৩২ জন কর্মকর্তা ও কর্মচারীকে অগ্নিনিরাপত্তা, হ্যাজমেট, ফার্স্ট এইড, অনুসন্ধান ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ জন ফায়ারফাইটার-কাম-ডুবুরিকে বেসিক ডাইভিং কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।