মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য দেশটির জাতীয় সম্মাননা পেয়েছেন। সপ্তম প্রজাতন্ত্রের নির্বাচনকালে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে অবদান রাখায় তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফপ্তর (আইএসপিআর) জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গত ১০ জুন জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে এ সম্মাননা প্রদান করেন।
সম্মাননা পাওয়া চারজন হলেন— মিনুস্কার সেক্টর ইস্ট কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (বিএএনএসএফসি)-১০-এর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর ইস্ট কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং বিএএনএসএফসি-১০-এর দোভাষী ক্যাপ্টেন মো. শাকওয়াত হোসেন সরকার।
আইএসপিআর জানায়, নির্বাচনের সময় প্রত্যন্ত ও সংবেদনশীল জাংবা এলাকায় জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীকে সহায়তায় বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি-১০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ২০২৫-২৬ সালের জাতীয় নির্বাচনকালে পেশাদারত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএএনএসএফসি-১০ এবং এর কন্টিনজেন্ট কমান্ডারকে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীর সেনাপ্রধানের পক্ষ থেকেও প্রশংসাপত্র দেওয়া হয়েছে।
আইএসপিআর বলেছে, এই সম্মাননা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারত্ব, দক্ষতা ও উৎকর্ষের আরেকটি উজ্জ্বল স্বীকৃতি।


