কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ঢাকার জন্য যুগান্তকারী সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিনকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে ঢাকার জন্য যুগান্তকারী সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, চীন বর্তমানে বিশ্ববাজারের অন্যতম বৃহৎ শিল্পভিত্তিক অর্থনীতি। এ কারণে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়াতে বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করছে।
জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিতে চীন সহযোগিতা করবে।


