রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকে উদ্যোগ নিতে হবে এবং এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই এ সংকটের সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: জাতীয় কৌশলের রূপরেখা ও বৈদেশিক অবদান’ শীর্ষক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়টি বাংলাদেশের বিবেচনায় রয়েছে। রোহিঙ্গা সংকট একদিকে মানবিক বিষয়, অন্যদিকে এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত।
তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, শুধু চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এ সংকটের সমাধান নয়। প্রত্যাবাসনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ অধিকারগুলো নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা সংকট সমাধানে একটি জাতীয় কমিটি কাজ করছে। অতীতের সরকারগুলোর অনুসৃত কূটনৈতিক পথ বিবেচনায় নিয়েই বর্তমান সরকার এ সমস্যা সমাধানের চেষ্টা করছে।
আইনমন্ত্রী বলেন, সরকার মনে করে, এ পথ অনুসরণ করেই রোহিঙ্গা সংকটকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া সম্ভব।
নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদের পরিচালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ সুফিউর রহমান।


