সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মন্ত্রী নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এর আগে, রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নাগরিক নিহত হন।
অগ্নিকাণ্ডের কারণ এবং নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয় অব্যাহত রয়েছে।


