দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনে রাঙামাটি সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাঙামাটি অঞ্চলের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে বিলাইছড়ির তাংখুইতাং আর্মি ক্যাম্পে পৌঁছান সেনাপ্রধান। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন, সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান এবং রাঙামাটি পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
তাংখুইতাং আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাপ্রধান ক্যাম্পের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে সেনাবাহিনী প্রধান কাপ্তাই সেনা জোন পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কাপ্তাই ত্যাগ করেন।


