টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করেন।

পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত তিনটি গ্রাম হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

‘দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের অধীনে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে।

প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে। পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যু কমানো, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সরকারের এ উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পেরে তিন গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এ জনকল্যাণমূলক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের অন্যান্য গ্রামেও টেকসই ও সমন্বিত উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।