বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র তামিম ইকবালের আজ ৩৫তম জন্মদিন। শুভ জন্মদিন তামিম ইকবাল। ১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই তারকা ওপেনার। বাংলাদেশের ক্রিকেট গৌরবগাথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে।
তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে চলে আসেন তামিম ইকবালের দাদা। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার আকরাম খান তার চাচা। তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে খেলেছেন ক্রিকেট।
তামিমের ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয়। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে।
২০০৯ মৌসুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে।
তামিম ইকবাল ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় ৫৩ বলে ৫১ রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখে।
২০১১ সালে ইংল্যান্ডের লর্ডসে করেন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট শতক। নাম ওঠান অনার্স বোর্ডে। এরপর ম্যানচেস্টার। সেখানেও শতক। ব্যাক টু সেঞ্চুরি, এখানেও প্রথম তিনি। কাজের স্বীকৃতি পেতে দেরি হয়নি। উইজডেন সাময়িকীর বর্ষসেরা ক্রিকেটারের খেতাব মিলে যায়।
দেশের হয়ে তামিম ইকবালের এখন পর্যন্ত অর্জন :
• প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান।
• বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে ২০০ রান করেছেন।
• বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি ফিফটি করেন তামিম ইকবাল।
দেশের হয়ে এখন পর্যন্ত টেস্টে ৫,১৩৪, ওয়ানডেতে ৮,৩৫৭ এবং টি-টোয়েন্টিতে ১,৭৫৮ রান করেছেন তামিম।
-পার্বত্য সময়

