এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হওয়া চার ভারতীয় নাগরিককে ট্রাভেল পাসের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনের দুই প্রতিনিধি, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতার ভিত্তিতে চার ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
ফেরত পাঠানো চারজন হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ধিতরা গ্রামের সুইটি বিবি, তাঁর দুই ছেলে কুরবান শেখ (১৭) ও ইমাম দেওয়ান (৬), এবং পাইকোর গ্রামের দানিশ শেখ।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই শিশুকে বাদ দিয়ে চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দাবি ছিল, দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করার পর বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
পরে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার শিশুসন্তানকে গত বছরের ৫ ডিসেম্বর ভারতে পাঠানো হয়। তবে মামলা চলমান থাকায় দানিশ শেখসহ বাকি চারজন তখন দেশে ফিরতে পারেননি।
দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়ার পর বাংলাদেশ সরকার ট্রাভেল পাসের মাধ্যমে তাদের ভারতে ফেরার অনুমতি দেয়। জামিনে মুক্ত হওয়ার পর তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা গাইনপাড়ায় স্থানীয় এক বাসিন্দার জিম্মায় ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রায় সাত মাস তাঁদের খাবারের ব্যবস্থা করেন।


