বান্দরবানের রুমা উপজেলার থেগামুখ সীমান্ত দিয়ে ভারত হতে বম সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেছেন। সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোটহরিণার থেগামুখ এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত দিয়ে দেশে প্রবেশকারীরা তিনটি পরিবারের সদস্য। জানা গেছে, তারা ২০২২ সালে রুমা সীমান্ত এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের মিজোরাম হয়ে লংক্লাই জেলার দেমাগ্রী ও শিলচর হয়ে বাংলাদেশের শিলকোপাড়া এলাকায় প্রবেশ করেন। পরে পায়ে হেঁটে তারা থেগামুখ বাজার ঘাটের যাত্রী ছাউনিতে পৌঁছান।
খবর পেয়ে থেগামুখ বিওপির বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে ১২ জনের পরিচয় যাচাই করে। পরিচয় শনাক্তকরণ শেষে তাদের থেগামুখ জনশক্তি বৌদ্ধ বিহারের কিয়াং ঘরে থাকার ব্যবস্থা করা হয়।
দেশে ফিরে আসা ১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ তিনজন, অপ্রাপ্তবয়স্ক পুরুষ পাঁচজন, প্রাপ্তবয়স্ক নারী তিনজন এবং অপ্রাপ্তবয়স্ক নারী একজন।
দেশে ফেরা প্রথম পরিবারের ছয় সদস্য হলেন- লালদিন লিয়ান বম (৩৩), লিয়ান বিক বম (৩০), সেম বম (১০), গসপেল বম (৮), পিলিপ বম (৩) ও এলিন বম (১)। তাদের সবার বাড়ি বান্দরবানের রুমা উপজেলার হ্যাপি হিল পাড়ায়।
দ্বিতীয় পরিবারের সদস্যরা হলেন- লাল জৌ ত্লোয়াং বম (৫৫), তার স্ত্রী সুম রেম বম (৪৪) ও ছেলে আলম বম (১২)। তাদের বাড়িও বান্দরবানের রুমা উপজেলার পুনর্বাসন পাড়ায়।
তৃতীয় পরিবারের সদস্যরা হলেন- ত্লৌয়াং থন বম (৫৭), তার স্ত্রী লাল মন নেম বম (৫৫) ও ছেলে জিং রিনহলম বম (১৮)। তাদের ঠিকানাও বান্দরবানের রুমা উপজেলার পুনর্বাসন পাড়া।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশে প্রবেশের পর তাদের পরিচয় যাচাই করে নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে।


