পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে মালকাডাঙ্গা সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন একটি এলাকা দিয়ে ছয়জন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন।

বিজিবি সূত্রে জানা যায়, বাধার মুখে ওই সাতজন সীমান্তের কাছাকাছি ভারতে অবস্থান করেন। পরে দিনভর তারা সীমান্ত এলাকায় অবস্থান করার পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আজ বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ একজন নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইন করতে ব্যর্থ হয়েছে।’

বিজিবি জানিয়েছে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে তাদের নজরদারি ও সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।