দেশে চোরাগোপ্তা হামলা ও নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে লক্ষ্যবস্তু করতে পারেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে প্রবেশ করানো এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ কেউ অবৈধভাবে দেশে ফিরে হামলায় অংশ নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার নামও গোয়েন্দা তথ্যে এসেছে। তাঁদের সতর্ক করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদে চোরাগোপ্তা হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। অন্যান্য গোয়েন্দা মাধ্যম থেকেও এ ধরনের আশঙ্কার কথা জানা গেছে।

গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনভিত্তিক ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোপালগঞ্জে দুটি থানায় এবং বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে ৮৩টি যানবাহনে আগুন দেওয়া এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এর মধ্যে নতুন করে আগামী ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির প্রচার চালানো হচ্ছে অনলাইনে। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তাঁর মুখপাত্রের বরাতে রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। এসব কর্মসূচি ও ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
ভারতের সঙ্গে সীমান্তবর্তী ৩০ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি অনলাইনে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৈঠকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় বাড়তি সতর্কতা
রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ এবং ক্ষতিসাধনের আশঙ্কার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে।

সাতক্ষীরা, সুনামগঞ্জ ও কুমিল্লায় বিশেষ নজরদারি
সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা, সুনামগঞ্জ, সিলেট ও কুমিল্লায় বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনের যাতায়াত এবং অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের আশঙ্কায় নজরদারি বাড়ানো হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, সীমান্ত এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে এবং জেলার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালানো হচ্ছে। এই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না।

আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাধারণত এক প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকেন।

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দায়িত্ব পালন করছে দুটি ব্যাটালিয়ন।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা প্রস্তুতি অব্যাহত রাখা হবে।