কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি হেফাজতে থাকা ওই দুই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আহত দুজন হলেন ভারতের আসামের সিংমারী জেলার সুখচর উপজেলার ভেড়ামারা গ্রামের আবদুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) এবং আবদুল মজিদ মণ্ডলের ছেলে আবদুল আনিছ ওরফে খাজা (৩৯)।
পুলিশ জানায়, রোববার (০৪ অক্টোবর) কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়া এলাকা দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তারা গুলিবিদ্ধ হন। পরে তাদের রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখান থেকে তাদের আটক করে। পরে সোমবার ভোররাতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে শটগান থেকে গুলি ছোড়ে। এতে তারা গুরুতর আহত হন।
তিনি জানান, দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিবির উপপুলিশ পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাবলা এবং তদন্ত কর্মকর্তা এসআই প্রণয় কৃষ্ণ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন। তাদের হাত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গুলির আঘাত রয়েছে এবং তাঁদের অবস্থা গুরুতর।


