চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন একটি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ৪৫ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৭০২ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এছাড়া প্রকল্পের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব আহ্বান করা হলে সবগুলো প্রতিষ্ঠান কারিগরি প্রস্তাব জমা দেয়। কারিগরি মূল্যায়নে তিনটি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরবর্তী মূল্যায়ন ও দর-কষাকষি শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এবং গ্রহণযোগ্য দরদাতা হিসেবে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ঢাকা-কে ৪৫ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৭০২ টাকায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৪ সালের ২৮ মে প্রকল্পটি অনুমোদন দেয়। এর বাস্তবায়নকাল ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পের আওতায় নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠান প্রশিক্ষণের চাহিদা নিরূপণ, বাজার সম্ভাবনা মূল্যায়ন, প্রশিক্ষণ মডিউল প্রণয়ন এবং জীবিকাভিত্তিক কর্মসূচির উপকারভোগীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জীবিকা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করা হবে।


