মায়ের কোলে তখন এক নবজাতক। কিন্তু মাতৃত্বের আনন্দের পাশাপাশি দুশ্চিন্তাও কাটছিল না জেসমিন বিবির। কারণ, তাঁর গর্ভে তখনো বেড়ে উঠছিল আরও তিনটি সন্তান। প্রথম সন্তান স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কেটে যায় প্রায় ৪৮ ঘণ্টা। নানা শঙ্কা ও অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে বাকি তিন নবজাতক। এভাবেই দুই দিনের ব্যবধানে চার সন্তানের মা হলেন ২৬ বছর বয়সী রোহিঙ্গা নারী জেসমিন বিবি।
একই গর্ভে চার সন্তানের বেড়ে ওঠা, একজনের স্বাভাবিক জন্মের পর বাকি তিনজনের জন্য দীর্ঘ অপেক্ষা, এরপর অস্ত্রোপচারে আরও তিন শিশুর জন্ম—সব মিলিয়ে ঘটনাটি ছিল বিরল ও চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জিং। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কক্সবাজারের উখিয়ার পানবাজার বালুখালীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা 'ফ্রেন্ডশিপ' পরিচালিত একটি হাসপাতালে এ বিরল সন্তান প্রসবের ঘটনা ঘটে। জেসমিন বিবি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১ ব্লকের বাসিন্দা। তাঁর স্বামীর নাম আজিজুল গফফার।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার পর আলট্রাসনোগ্রাম পরীক্ষায় জেসমিনের গর্ভে চারটি শিশুর অস্তিত্ব ধরা পড়ে। বিষয়টি জানার পর থেকেই তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা।
গত ২৩ নভেম্বর রাতে প্রসবব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৪ নভেম্বর ভোর পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবে জন্ম নেয় প্রথম সন্তান। কিন্তু একটি শিশুর জন্মের পরও শেষ হয়নি তাঁর মাতৃত্বের অপেক্ষা। গর্ভে তখনো ছিল আরও তিন সন্তান।
পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা দেখতে পান, বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের অনুকূলে নয়। ফলে মা ও গর্ভের শিশুদের জীবন নিয়ে তৈরি হয় জটিলতার আশঙ্কা। প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় ৪৮ ঘণ্টা পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিজারিয়ান অস্ত্রোপচারে জন্ম নেয় বাকি তিন শিশু।
এভাবে দুই দফায় চার সন্তানের জন্ম দেন জেসমিন। প্রথম সন্তানকে কোলে পাওয়ার পর বাকি তিন সন্তানকে পৃথিবীর আলোয় দেখতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে আরও দুই দিন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও সমন্বিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটে।
বুধবার (২৫ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা 'ফ্রেন্ডশিপ' হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জেসমিন বিবির প্রসবটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। একই গর্ভে চারটি সন্তান থাকায় শুরু থেকেই তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। প্রথম সন্তান স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়ার পরও গর্ভে আরও তিনটি সন্তান ছিল। তাদের অবস্থান বিবেচনায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ধাপে চার শিশুর জন্ম সম্পন্ন করা সম্ভব হয়েছে। নবজাতক চারজনই সুস্থ রয়েছে।’
চার সন্তানের আগমনে জেসমিন ও তাঁর পরিবারের জীবনে যোগ হয়েছে নতুন আনন্দ। একসঙ্গে চার নবজাতকের মুখ দেখা, তাদের সুস্থতার খবর পাওয়া—সব মিলিয়ে কঠিন এক অপেক্ষার পর পরিবারটির জন্য এসেছে স্বস্তির মুহূর্ত। চিকিৎসকদের কাছেও ঘটনাটি হয়ে থাকবে ব্যতিক্রমী অভিজ্ঞতা।


