বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এছাড়া, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।


