বান্দরবানের থানচি-নীলগিরি সড়কে একটি আমবোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় সূর্য সেন চাকমা নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জানায়, তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য।
শনিবার (১৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিচালিত বিশেষ ডমিনেশন টহল অভিযানে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং জননিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় থানচি-নীলগিরি সড়কের বাগানপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি আমবোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় সূর্য সেন চাকমাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তি বান্দরবানের থানচি উপজেলার অনিলপাড়ার বাসিন্দা চিকন্যা চাকমার ছেলে বলে জানিয়েছে বিজিবি। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণ ও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


