টেকনাফের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার এসআরবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মিজানুর রহমান (২৭) ও ৪ নম্বর আসামি আব্দুল মোনাফ (২৭)।

এসআরবি জানায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় জানা যায়, টেকনাফ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আসামি চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছে।

এর ভিত্তিতে গত ৯ নভেম্বর বিকেলে এসআরবি-১৫, সিপিসি-২ এবং এসআরবি-৭, সিপিসি-৩ এর যৌথ দল সেখানে সাঁড়াশি অভিযান চালায়।

প্রথম অভিযানে বিকেল ৫টা ২৫ মিনিটে পশ্চিম ফরিদাপাড়ার এমএএস টেলিকম দোকানের সামনের পাকা রাস্তা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে।

এর মাত্র ১০ মিনিট পর বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার মোকসেদ সাহেবের ভাড়া বাসায় দ্বিতীয় অভিযান চালিয়ে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) এবং মো. আকবর (২৩) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

উল্লেখ্য, ইয়াবা আত্মসাতের অভিযোগে ০৩ নভেম্বর সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং এলাকার মোক্তার, নুর আকবর, মোহাম্মদ ইলিয়াছ ও আলী আহমদ এই চারজনকে একই এলাকার মিজানের নেতৃত্বে বিচারের কথা বলে হ্নীলা এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয়। পরে পাহাড়ে নিয়ে তাদের নির্যাতন করা হয়। এর মধ্যে মোক্তার ও নুর আকবর মারা যায়।

এ সময় আহতবস্তায় উদ্ধার মোহাম্মদ ইলিয়াছ জানায়, “এক লাখ ইয়াবার একটি চালান পাহাড়ী পথে হোয়াইক্যং চেকপোস্ট এলাকা পার করে দেওয়ার কথা হয়। এসময় ডাকাতির কবলে পরে তারা। পরে ৭০ হাজার উদ্ধার হলেও ৩০ হাজার উদ্ধার করা যায়নি। এ ঘটনায় আত্মসাতের অভিযোগ তোলে সোমবার রাতে মিজান আমাদের বিচারের কথা বলে হ্নীলার একটা দলের হাতে তুলে দেয়।”