খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক অভিযানে এক সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়েছেন। একইসঙ্গে তিনটি একে-৪৭ রাইফেল, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া অভিযানের সময় ওই সংগঠনের দুই সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (২৪ জুন) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী গত মঙ্গলবার (২৩ জুন) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবং বুধবার সকালে রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পানছড়ি উপজেলার বরকলক এলাকায় সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
অন্যদিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে গোলাগুলির একপর্যায়ে সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে একাধিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটেছে।


