বান্দরবানের সাতটি উপজেলার ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের দুর্গম ১১টি ভোটকেন্দ্রকে ‘হেলিসর্টি’ ঘোষণা করা হয়েছে, যেখানে ভোটের সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদরের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ারপাড়া ও চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ানপাড়া, রেমাক্রী বাজার, বড় মদক ও ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়; একই উপজেলার তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া ও জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- এই ১১টি কেন্দ্র হেলিসর্টি হিসেবে নির্ধারিত।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, দুর্গমতার কারণে এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম হেলিকপ্টারযোগে আনা-নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
উল্লেখ্য, বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। জেলায় মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন—এর মধ্যে পুরুষ ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি।


