বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। জেলার মোট ৪৩৫টি বিদ্যালয়ের মধ্যে ১৭৯টিতে নেই প্রধান শিক্ষক। শুধু তাই নয়, সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৪২টি। ফলে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এসব শূন্যপদ পূরণ হয়নি। বর্তমানে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও একসঙ্গে প্রশাসনিক কাজ ও পাঠদান সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। বিশেষ করে রুমা, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় শিক্ষক সংকট সবচেয়ে প্রকট।
অভিভাবকরা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের ভিত্তি। এখানে শিক্ষক সংকট দেখা দিলে ভবিষ্যৎ প্রজন্ম সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান জানান, তার উপজেলায় ৬৮টি বিদ্যালয়ের মধ্যে ৪৪টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। আলীকদম উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেনের ভাষায়, “৫০টি বিদ্যালয়ের মধ্যে ২৯টিতেই প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরাই দায়িত্ব পালন করছেন।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন খান বলেন, শিগগিরই সহকারী শিক্ষক নিয়োগ শুরু হবে। তবে প্রধান শিক্ষক পদে ৬৫ শতাংশ পদোন্নতি ও ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের নিয়ম থাকায় এটি বাস্তবায়ন পিএসসির মাধ্যমে করতে হবে। পাশাপাশি দুর্গম এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আবাসিক পদ্ধতিতে নতুন ৪৮টি বিদ্যালয় নির্মাণ এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে ৪২টি পদে ছাড়পত্র পাওয়া গেছে। তবে প্রধান শিক্ষক যেহেতু দ্বিতীয় শ্রেণিতে উন্নীত, তাই নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

-সূত্র- রাইজিং বিডি