রাঙামাটির ছোটহরিনা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় আধার কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) এবং পিংকু চাকমা (২২), যারা উভয়েই ভারতীয় নাগরিক।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) একটি টহল দল ছোটহরিণা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করতেন এবং বিভিন্ন মালামাল সংগ্রহ করে তা ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

-পার্বত্য সময়