খাগড়াছড়ির মাটিরাঙায় বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুটকৃত মূল্যবান মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।
পুলিশের তথ্যমতে, গত ৪ মার্চ মাটিরাঙা পৌর এলাকায় মঞ্জুর ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। মামলার পর অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায়, শনিবার রাতে মাটিরাঙার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাঈম আল সুলতান ও মো. ইউসুফকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লুটকৃত মালামাল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরে অস্ত্র আইন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতির সঙ্গে জড়িত। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, যাতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করা যায়।
-পার্বত্য সময়


