বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুই উপজাতি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নয়ন চাকমা (৩০), গ্রাম-বেদবেদি, রাঙ্গামাটি সদর; এবং উলাই চাকমা (২৪), গ্রাম- মেদাইক, থানা-ডেকুবুনিয়া, মংডু জেলা, মিয়ানমার।
সোমবার (১৮ আগস্ট) বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উলাই চাকমা আরাকান আর্মির সহযোগী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। পরে আটক দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
-পার্বত্য সময়