বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুইজন মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় গরু পাচারচক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটাবন্দুক উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।