খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে অন্তত ২৩টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়।

মহালছড়িতে ফায়ার স্টেশন না থাকায় জেলা সদরের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান তিনি। জাকের হোসেন বলেন, আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে ভারি বৃষ্টি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি।

ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিস জানায়নি।

আগুনের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।