খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সীমান্তঘেঁষা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পূজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার তিনজনই ভারতের ত্রিপুরা রাজ্যের রিয়াং সম্প্রদায়ের সদস্য-জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার লাল থাকমা রিয়াং আগে রাঙামাটির বিলাইছড়ি এলাকার বাসিন্দা ছিলেন। ২০২০ সালে ভারতে বিয়ে করে ত্রিপুরায় স্থায়ী হন এবং এবারই তিনিই আরও দুজন ভারতীয় নাগরিককে সঙ্গে করে অনানুষ্ঠানিক পথে বাংলাদেশে নিয়ে আসেন। গত শনিবার তারা ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়া দিয়ে পানছড়িতে প্রবেশ করেন। সেখান থেকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাকিং লেক এলাকায় যান। ফের ভারতে ফিরে যাওয়ার সময়ই তারা পুলিশের হাতে আটক হন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, লাল থাকমা রিয়াং বড় মেয়ের চিকিৎসার খরচের জন্য বাংলাদেশে তার মা–বাবার কাছ থেকে টাকা নিতে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে তাদের অনানুষ্ঠানিক চলাচল, সীমান্ত অতিক্রমের পদ্ধতি এবং পার্বত্য এলাকার সংবেদনশীল স্থানে অবস্থান নিয়ে পুলিশ গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছে।


