বেগম রোকেয়া দিবস উপলক্ষে খাগড়াছড়িতে তিন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়েছে। নারী উন্নয়ন, সংগ্রামী জীবন এবং নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তুলে দেয় খাগড়াছড়ি জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় রূপা মল্লিক, ফাতেমা খাতুন ও শান্তি প্রভা চাকমার হাতে। রূপা মল্লিক শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য, ফাতেমা খাতুন অর্থনৈতিকভাবে সংগ্রাম করে নিজের অবস্থান শক্ত করার জন্য এবং শান্তি প্রভা চাকমা সফল জননী হিসেবে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকার কারণে এ স্বীকৃতি পান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক উপ-পরিচালক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও মহিলা অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা বক্তব্য রাখেন। বক্তারা বেগম রোকেয়ার জীবন, তার সংগ্রামমুখী দৃষ্টিভঙ্গি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরে বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর অগ্রযাত্রা থেমে নেই, বরং বেগম রোকেয়ার চেতনা থেকেই অনুপ্রাণিত হয়ে নারীরা নতুন নতুন সাফল্য অর্জন করছে।

স্থানীয় প্রশাসন জানায়, অদম্য ও সফল নারীদের এই সম্মাননা খাগড়াছড়ির নারীদের আরও এগিয়ে যেতে উৎসাহ জোগাবে এবং নারী জাগরণে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে।