খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণত্রান্ত্রিক) এর কর্মীদের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ (মূল) এর ৩ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মন্যা চাকমা সিজন (৫০), খরকসেন ত্রিপুরা শাসন (৩৫) ও পরান্টু চাকমা জয়েন চাকমা (২২)। ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমার দাবি, তারা ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত সিজন লতিবান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত নন্দ মনি চাকমার ছেলে এবং ইউপিডিএফ'র চিফ কালেকটরের দায়িত্বে ছিলেন। সংগঠনটির কালেক্টর নিহত শাসন খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কানচরন ত্রিপুরার ছেলে। একই এলাকার মৃত আলো রঞ্জন চাকমার ছেলে নিহত পরান্টু চাকমা জয়েনও কালেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।
ওসি মো. জসীম উদ্দিন জানান, বুধবার সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের ২-৩ জন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনছি। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ এখনও পৌঁছাতে পারেনি।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ (মূল)। সংগঠনটির মুখপাত্র অঙ্গ মারমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
-পার্বত্য সময়


