বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর অভিযানে মেশিনগানের গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পোয়া মহুরি আর্মি ক্যাম্পের টহল দল এ অভিযান চালায়।
জানা গেছে, আলীকদম উপজেলার ছোট আগলা পাড়ায় মেনসন ম্রো নামের এক ব্যক্তির ঘরে কিছু অপরিচিত লোকজন লুকিয়ে আছে এবং অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মেনসন ম্রো পালিয়ে যায়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত প্রায় ১০–১২ জনের মধ্যে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই ম্রো সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন— মেন প্রে ম্রো (২৬), পিতা লাইচং ম্রো, য়ং এ পাড়া, মাতামুহুরি রিজার্ভ, আলীকদম; কিং অং ম্রো (২৩), পিতা মেন কিং, ছোট আগলা পাড়া, কুরুকপাতা ইউনিয়ন; পাকলাই ম্রো (২৫), পিতা রেং তাং ম্রো, সিন্ধু ঝিড়ি, কুরুকপাতা ইউনিয়ন এবং সিনং লে ম্রো (৩৭), পিতা সাক ওয়াই ম্রো, আন্দালিব পাড়া, কুরুকপাতা ইউনিয়ন।
অভিযানে মেনসন ম্রোর ঘর থেকে ২৮টি মেশিনগানের গুলি, দুটি ওয়াকি-টকি সেট, একটি ওয়াকি-টকি চার্জার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং পালিয়ে যাওয়া মেনসন ম্রোকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


