বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক রাতে চারটি রাবার বাগান ও একটি কারখানায় লুটপাটের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় রাবার মালিক ও ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সশস্ত্র অবস্থায় অন্তত চারটি রাবার বাগান ও একটি ফ্যাক্টরিতে প্রবেশ করে। এ সময় তারা রাবার সিট, উৎপাদন সরঞ্জাম, বিদ্যুৎ সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রথমেই জেলা পরিষদ সদস্য ও সাম্প্রতিক সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের রাবার ফ্যাক্টরিতে হামলা চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ রাবার সিট ও মালামাল চুরি হয়। একই রাতে সাইফুল কোম্পানি ও দিদার কোম্পানির রাবার বাগানে প্রবেশ করে ডাকাত দল। তারা প্রায় ১৮ জন শ্রমিককে জোর করে কাজ থেকে সরিয়ে দেয়, ফলে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এছাড়া ডিভাইন রাবার বাগানের ১৫ নম্বর উৎপাদন এলাকা থেকেও প্রায় ১৫টি চাকু, এসিড ও বিদ্যুৎ সরঞ্জাম লুট করা হয়। অ্যাডভোকেট মোর্শেদুল ইসলাম রুবেলের বাগান থেকে ২০ পার্টের একটি ট্যাংকি এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ দিন মোহাম্মদ কোম্পানির বাগান থেকেও চুরি হয়েছে বলে জানা গেছে।
ক্ষুদ্র রাবার মালিক সমিতির সভাপতি মুহাম্মদ রফিক বসরী সংবাদিকদের বলেন, এভাবে প্রতিদিন রাবার চুরি ও ডাকাতি হলে বাগান চালানো অসম্ভব হয়ে পড়বে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বাগান ছেড়ে চলে যেতে বাধ্য হব।’
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার আলম জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে এবং দ্রুত চোরদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-পার্বত্য সময়


