বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪৩ একর নিষিদ্ধ পপিখেত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত পপিখেত থেকে আনুমানিক ১ হাজার ৪৫০ কেজি আফিম উৎপাদনের সম্ভাবনা ছিল, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গোপন তথ্যের ভিত্তিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ–এর সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অন্তত ১২টি স্থানে এ অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযান শেষে স্থানীয়দের উপস্থিতিতে পপিগাছ উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যাতে পুনরায় এসব জমিতে পপি চাষ সম্ভব না হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, থানচির ডিম পাহাড় ও সাঙ্গু নদী–সংলগ্ন দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে পপি চাষের বিস্তার ঘটেছে। স্থানীয়দের দাবি, এসব অঞ্চলে এখনো শতাধিক একরের বেশি জমিতে নিষিদ্ধ এ চাষাবাদ চলমান রয়েছে, যার পেছনে সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে মাদক উৎপাদন ও চোরাচালান রোধে সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তাদের মতে, উৎপাদন পর্যায়েই মাদক ধ্বংস করা গেলে চোরাচালান নেটওয়ার্ক অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো গেলে পার্বত্য এলাকায় গড়ে ওঠা মাদকচক্রের সংগঠিত নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব।