বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা এবং অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে সুপরিচিত গ্রীনপিক রিসোর্টসহ ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে, ছাড়পত্র না থাকায় গ্রীনপিক রিসোর্টকে ৪ লক্ষ টাকা এবং নির্বিচারে পাহাড় কাটার দায়ে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দরবানে বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাচ্ছে এবং অনেকে পরিবেশের ক্ষতি করে নির্বিচারে পাহাড় কাটছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে দেখা যায়, বান্দরবান সদরের স্বনামধন্য গ্রীনপিক রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং এক ব্যক্তি পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করছেন। পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, এই ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনুমোদন ছাড়া পাহাড় কাটা এবং পরিবেশ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।