বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্ঘম বমুখাল নামক এলাকা থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জন তামাক চাষী ও শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ের একটি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
সূত্রে জানা যায়, লুলাইন খালের তীরবর্তী এলাকায় ক্ষেত-খামারে কাজ করতে পার্শ্ববর্তী জেলার লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকা থেকে লামায় কাজ করতে যান শ্রমিকরা। গতকাল সেখান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ৭ শ্রমিককে নিয়ে যায়। শ্রমিকদের পরিবারকে ফোন করে জনপ্রতি এক লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে।
অপহরণকৃত ব্যক্তিরা তামাক ক্ষেতে কাজ করে বলে জানা যায়। অপহৃতরা হলেন- খামারের মালিক মোঃ আমিন (৩৫), খামার মালিকের ছেলে মোঃ সাকিব (১৪) , শ্রমিক মোঃ আলেক্স জোহার (৩৫), মোঃ শফি আলম (৩২), মোঃ জাভেদ (২৬), আসাদ (১৮) ও মোঃ আবু হানিফ (২১)।
সূত্র জানায়, সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস তাদের অপহরণ করেছে। এক খামারের মালিক রফিক তার শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায়।
অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহদাৎ হোসেন এ প্রতিবেদককে বলেন, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে পাহাড়ী সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে যায় খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
-পার্বত্য সময়


