রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাজেকে নতুন করে ৭২টি রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার অনুমোদন দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের হলরুমে আবেদনকারীদের উপস্থিতিতে এ অনুমোদন দেন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্র জানায়, ২০০০ সালে শতাধিক আবেদন জমা দেওয়া হলেও অনুমোদন মেলেনি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও বসতবাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা নতুন করে নির্মাণের জন্য অনুমোদন চেয়ে আবেদন করেন।
রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, নতুন-পুরাতন মিলিয়ে অনেক আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতে জেলা পরিষদ সোমবার ৭২টি রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার অনুমোদন দিয়েছে। এতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসন থেকে তেমন কোনো বড় সহায়তা দেওয়া হয়নি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, শৃঙ্খলা বজায় রাখতে সাজেকে রিসোর্ট-কটেজ ও রেস্টুরেন্ট যত্রতত্র নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দীর্ঘদিনের আবেদনের পর যাচাই-বাছাই শেষে মোট ৭২টি রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
-পার্বত্য সময়


