বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শাখার ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রামগড় বিজয় ভাস্কর্য পার্ক প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় চেয়ারম্যান উ. ম্রাসাথোয়াই মারমা। তিনি বলেন, “পার্বত্যাঞ্চল ও সমতলে বসবাসরত মারমা জনগোষ্ঠী এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাই চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংসাপ্রু কার্বারী, সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমাসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।
এসময় মারমা মহিলা ঐক্য পরিষদের নেত্রীবৃন্দও উপস্থিত ছিলেন। কাউন্সিলে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন মারমা যুব ঐক্য পরিষদের সদস্যরা।
কাউন্সিল শেষে চাইলাপ্রু মারমাকে সভাপতি, অংশেপ্রু মারমাকে সাধারণ সম্পাদক এবং চাইথোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রামগড় পৌর কমিটি ঘোষণা করা হয়।

-পার্বত্য সময়