বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেমু পালং এলাকা থেকে আটজন তামাক শ্রমিককে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে দুর্গম এলাকায় অবস্থিত একটি খামার বাড়ি থেকে তাদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে শ্রমিকরা খামার বাড়িতে রাত্রিযাপন করছিলেন। তখনই একদল সশস্ত্র লোক হানা দিয়ে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযানে নামে। তবে এখনো কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার অভিযানে জটিলতা দেখা দিচ্ছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, “৮ শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চলছে, তবে এখনো অপহরণকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”
উল্লেখ্য, এর আগেও গত ১৬ ফেব্রুয়ারি লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়াল মারা এলাকা থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। মুক্তিপণের বিনিময়ে পরে তাদের মুক্তি দেওয়া হয়।

-পার্বত্য সময়