বান্দরবান জেলা পরিষদ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া ৩৮১টি প্রকল্পের মধ্যে ৮১টি বাতিল করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
জানা গেছে, বাতিল হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— জীবিকা উন্নয়ন খাতে ৩০ লাখ টাকার ২টি প্রকল্প, যোগাযোগ ও ভৌত অবকাঠামো খাতে ৪ কোটি ৩৯ লাখ টাকার ২৪টি প্রকল্প, শিক্ষা খাতে প্রায় ৩ কোটি টাকার ৯টি প্রকল্প, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৫ কোটি ৮৪ লাখ টাকার ২৪টি প্রকল্প, স্বাস্থ্যসেবা উন্নয়নে ৩০ লাখ টাকার ২টি প্রকল্প ও গৃহায়ণ ও সম্প্রদায় উন্নয়নে ৪ কোটি ১৫ লাখ টাকার ২০টি প্রকল্প।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানীয়জল ও যোগাযোগ খাতে নানা সংকট রয়ে গেছে। এসব সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারিভাবে জেলাটিকে দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বান্দরবানে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের হার ৬৫ শতাংশ।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সরাসরি কথা বলে এবং মাঠ জরিপ করে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের কাজে লাগানো হয়েছে। সেই ভিত্তিতেই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল।”
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং বলেন, “সারাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা এখন বান্দরবান। অতীতে ১৩ জনগোষ্ঠীর মানুষ উন্নয়ন থেকে কীভাবে বঞ্চিত ছিলেন, তা ভেবে ভয় হয়। তাই প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে সরকারের বিশেষ নজর জরুরি।”

-সূত্র- আমাদের সময়