বান্দরবানের চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি গাড়ি উল্টে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের কাচপুর এলাকার আলী হায়দার (৪০), সাগর (৩৮), সবুজ (২৭), ইব্রাহিম (৪০), জাকির হোসেন (৫৫), তুহিন (১৬) ও মাহবুব (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটকদের একটি দল দুটি নোয়াহ গাড়িতে করে বান্দরবানে ভ্রমণে আসে। বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে শহরে ফেরার পথে শৈলপ্রপাত এলাকায় মোড় ঘোরার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা ১০ জনের মধ্যে ৯ জন আহত হন।
একই দলে থাকা মুজিবুর রহমান মানিক জানান, তারা সোনারগাঁও থেকে ১৭ জন একসঙ্গে ভ্রমণে এসেছিলেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. তারেকুল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, মোড় ঘোরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


