রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের বেতছড়ি ধূসরপাড়া এলাকায় এক পাহাড়ি ব্যক্তিকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যরা তাকে অপহরণ করেছে।
অপহৃত ব্যক্তির নাম শংকর বিকাশ চাকমা (৪৫)। তিনি মৃত দেবন মোহন চাকমার ছেলে এবং বেতছড়ি ধূসরপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ৮ থেকে ১০ জন মুখোশধারী ব্যক্তি শংকর বিকাশ চাকমার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাকে মারধর করার পর জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অপহরণকারীরা নিজেদের ইউপিডিএফের সদস্য হিসেবে পরিচয় দেয়। তবে এ ঘটনায় এখনো সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


