বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকাতে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে সীমান্তসংলগ্ন বাগান এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

মাইন বিস্ফোরণে মারা যাওয়া তিনজন হলেন—অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) এবং চপোচিং তঞ্চঙ্গ্যা ওরফে লেরাইয়া (৩৫)। তাঁদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়ায়।

স্থানীয়সূত্র বরাত জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ফলের বাগানে কাজ করার সময় তিনটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে, ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহগুলো বর্ডার গার্ড বাংলাদেশের রেজু আমতলী সীমান্তচৌকিতে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ির দফাদার সৈয়দ আলম ও ঘুমধুমের গ্রাম পুলিশ রূপম বড়ুয়া জানান, ঘটনা ৪১ সীমান্ত পিলার এলাকায় হলেও যেখানে বিস্ফোরণ হয়েছে, সেটি শূন্যরেখার ভেতরে। বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এত শক্তিশালী স্থলমাইল কারা স্থাপন করেছে, তা তদন্ত হওয়া দরকার মনে করেন দফাদার সৈয়দ আলম। মৃতরা সবাই বাগানচাষি।

নাইক্ষ্যংছড়ির ঘুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাফর ইকবাল মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ তিনটি উদ্ধার করে রেজুপাড়া বিজিবির সীমান্তচৌকিতে আনা হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।