বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রবিউল হাসান হৃদয় (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (১৪ মে) সকালে শহরের কালাঘাটা পাগলির কুম এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় শহরের ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা। তিনি মো. জয়নাল আবেদীন ও নাহিদা আক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে হৃদয় গোসল করতে সাঙ্গু নদীতে নামেন। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরদিন চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করার কথা ছিল। তবে বৃহস্পতিবার সকালে নদীর একপাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি হৃদয়ের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে শাহেদ পারভেজ বলেন, সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


