খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতির (জেএসএস-মূল) সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার লোগাং ইউনিয়নের বাবুড়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

ঘটনার পর ইউপিডিএফের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেলেও এখন পর্যন্ত একজনের মরদেহ নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির পার্বত্য এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সংঘাত ও গোলাগুলির ঘটনা ঘটে আসছে। এর আগেও একাধিকবার এ ধরনের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে।