পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ মে) সকাল ১০টা ২০ মিনিট থেকে রাঙামাটি শহরের কুমার সমিত জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে এ সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রুমেন চাকমা।
সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস (সন্তু) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি উষাতন তালুকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা, জেএসএস (সন্তু) রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পিসিপি (সন্তু) নেতা সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন (সন্তু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।
আয়োজকদের তথ্যমতে, রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এতে অংশ নেন। উপস্থিতির সংখ্যা প্রায় ৬০০ থেকে ৭০০ জন বলে জানানো হয়েছে।


