রাঙামাটির বিলাইছড়িতে হলুদবোঝাই একটি জিপ উল্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জিপের চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যার উপজেলার ফারুয়া ইউনিয়নের লতা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সালাম (৬০)। তিনি রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালকের নাম মো. বেলাল (৩৮)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, লতা পাহাড়ের ঢালু সড়ক দিয়ে নামার সময় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত মো. বেলালকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


