১৯৮৪ সালে রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় সংঘটিত গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।

রোববার (৩১ মে) আছরের নামাজের পর রাঙ্গামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ১৯৮৪ সালের ৩১ মে বরকল উপজেলার ভূষণছড়ায় সংঘটিত হামলায় চার শতাধিক বাঙালি নিহত হন। তারা দাবি করেন, ওই ঘটনায় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক পরিবার, পালিয়ে যায় ১৬ শ’র বেশি বাঙালি পরিবার।’

তাদের অভিযোগ, ঘটনার চার দশক পার হলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও কোনো ক্ষতিপূরণ পায়নি।

তারা বলেন, ‘পাহাড়ে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা এখনো বেপরোয়া, প্রতিনিয়ত ঘটাচ্ছে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির ঘটনা।’

বক্তারা পাহাড়ে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন, যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

শোকসভা শেষে ভূষণছড়া গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহ-সভাপতি মো. বখতিয়ার উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজসহ অন্যান্য নেতারা।