রাঙামাটির সদর উপজেলার ৫ নম্বর বন্দুকভাঙা ইউনিয়নে এক প্রতিবন্ধী চাকমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা মহানগর শাখা। তবে এ ঘটনায় মেডিকেল পরীক্ষায় সাম্প্রতিক জোরপূর্বক যৌন মিলনের কোনো আলামত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পিসিপি ও জনসংহতি সমিতির নেতারা রাঙামাটিতে প্রতিবন্ধী এক চাকমা কিশোরীকে বাঙালি এক মৎস্য ব্যবসায়ী কর্তৃক ধর্ষণের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন, প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও বক্তব্য দেন বক্তারা।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয় এবং প্রতিবেদনে ‘সাম্প্রতিক জোরপূর্বক যৌন মিলনের কোনো চিহ্ন পাওয়া যায়নি’ বলে উল্লেখ করা হয়েছে। রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এবং রাঙামাটির সিভিল সার্জন প্রতিবেদনটি সত্যায়ন করেছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির ঢাকা মহানগরের সদস্য দীপায়ন খীসা, পিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি অনন্ত তংচংগা ধামাই, সাধারণ সম্পাদক রিয়া চাকমা, সহ-সাধারণ সম্পাদক অভি চাকমা, সহসভাপতি কানেচ চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন ঘটনার বিচার ও প্রশাসনিক পদক্ষেপে গাফিলতি রয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে মেডিকেল রিপোর্ট প্রকাশের পর ধর্ষণের আলামত না পাওয়ায় এ নিয়ে স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এরকম স্পর্শকাতর ইস্যুতে নিশ্চিত না হয়ে মিছিল বা বিক্ষোভ জাতীয় কর্মসূচি সমাজে শান্তি নষ্টের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি।


