ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে।
রোববার (১৭ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডাকসু ভবন, কলা ভবন, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য ও টিএসিসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেয়াল লিখন করা হয়।
কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামে পরিচালিত ‘অপারেশন উত্তরণ’ বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, কারাবন্দি বম সম্প্রদায়ের সদস্যদের মুক্তি এবং সেনা প্রত্যাহারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।
পিসিপির নেতাকর্মীরা জানান, পার্বত্য অঞ্চলের জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পাহাড়ি রাজনৈতিক ও ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে আসছে।


