পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন—কাউকে পিছিয়ে আমরা কোনো ধরনের উন্নয়ন করতে পারব না’। সুতরাং সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোনো উন্নয়ন হবে না।

শুক্রবার (২৯ মে) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারে মণিপুরি ললিতকলা একাডেমি আয়োজিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উরাংসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অন্যান্য জনগোষ্ঠীর সমপর্যায়ে উন্নয়নের সুযোগ দিতে হবে। তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী তুলনামূলকভাবে উন্নত হলেও সমতলের খিয়াং, লুসাইসহ কয়েকটি জাতিগোষ্ঠী এখনও পিছিয়ে রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রী মণিপুরি ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরে বিকেলে তিনি কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পিডিশন প্রধান সুচিয়াং। পরিদর্শনকালে খাসি সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) এবং আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।