বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সের পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
সোমবার (১ জুন) দুপুরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয়ের পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সাচিং প্রু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, উন্নয়ন ও জীবনমান উন্নয়নে যে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছিলেন, ম্রো কমপ্লেক্স তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করে তুলতে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে এবং পানি সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণও উপকৃত হবে।’
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ন-সম্পাদক মজিবুর রশিদ, নাসির চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


